জামায়াতে ইসলামীর বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আজ (০৯ জানুয়ারি) বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এই তথ্য জানান।

আনিসুল হক বলেন, “যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।”

আইনমন্ত্রী আরও বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যার নেপথ্যে যারা রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এই জন্য বিশেষ কমিশন গঠন করা হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের হয়রানি করার জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়নি। যারা প্রযুক্তির সুবিধা নিয়ে তার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন।”

এমবি