বিএনপি নীতি ও পথভ্রষ্ট রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, রাজনীতিতে হতাশার কারণেই বিএনপি এখন নীতিভ্রষ্ট। এবং বাগাড়াম্বর আর বাচালতা।যেকোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে হলে শিষ্টাচার বজায় রেখেই বলতে হয়। তাদের এ ধরণের বিরূপ মন্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।
‘আওয়ামী লীগ একটি পরিত্যক্ত রাজনৈতিক দল’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সুরঞ্জিত বলেন, বিএনপির মহাসচিবের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটা হতাশাগ্রস্থ রাজনীতির অসংলগ্ন উক্তি ও বাচালতার বহি:প্রকাশ ছাড়া কিছুই নয়।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর আওয়ামী লীগের রাজনীতির সারকথা স্পষ্ট হয়ে গেছে।এ সফরের মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ায় অসাম্প্রদায়িক ঐক্যের রাজনীতি আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, এদেশে জঙ্গিবাদী ও উগ্রশক্তির কোনো গ্রহনযোগ্যতা নেই। তবে খালেদা বুঝার আগে জামায়াত-হেফাজত এ কথা বুঝে ফেলেছে। এজন্য জামায়াত-হেফাজত বিএনপিকে পরিত্যাগ করা শুরু করেছে।
সংগঠনের সহ সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিজি প্রমুখ।





