খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরতাল দিয়ে কোনো সন্ত্রাস করলে বিএনপির সকল নেতাদের গ্রেফতার করা হবে।

রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবার হরতাল আহ্বান করায় এ সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

কামরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। আরও গ্রেফতার হবে। আগামীকাল হরতালের নামে কোনো অঘটন ঘটালে বিএনপির সব নেতাদেরই গয়েশ্বর ও আলালের মত পরিণতি হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে কামরুল বলেন,  বিএনপি হরতাল দিয়ে আবারও নৈরাজ্য করতে চায়। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। বিএনপিকে মোকাবেলা করতে আমাদের মাঠে থাকতে হবে। তারা মাঠে নামলে কঠোর ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা নেবেন তা আপনারা বুঝে নিয়েন। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।

বিএনপি নেতাদের ভাষাতেই তাদের জবাব দেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

এমকে