ফিলিস্তিনে মুসলমানদের ওপর দখলদার ইসরাইলের হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল-আকসাসহ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। প্রতিদিন সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমনকি নারী ও শিশুও তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এরই প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। রাজশাহী মহানগরী থেকে ছয়জন ও নাটোর থেকে ১৭ জন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতারের ঘটনা ঘটেছে।”

বিবৃতিতে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “ঈমানি দায়িত্ব পালন ও শান্তিপূর্ণ এসব বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়া ও গ্রেফতারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি।”

“অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেফতারদের মুক্তির জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি