ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের ওপর নিপীড়নের মহোৎসবে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাতক্ষীরা জেলার কলারোয়া বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা বিএনপি নেতা ও পৌর মেয়র আকতারুল এবং একই উপজেলার কুসুডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, বিনাভোটে নির্বাচিত বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার-নিপীড়নের মহোৎসবে মেতে উঠেছে। এটির যেন কোনো শেষ নেই।

কলারোয়া বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার বর্তমান শাসকগোষ্ঠীর চলমান দুঃশাসনের আরো একটি উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব অবিলম্বে আকতারুল ও আসাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এআই