আইনশৃঙ্খলা বাহিনী চাইলে খালেদা জিয়াকে যেকোনো সময় গ্রেফতার করতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করার লক্ষ্যে দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়া আইন-আদালত কোনো কিছুই মানেনা। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে খালেদা জিয়াকে যেকোনো সময় গ্রেফতার করতে পারে।

তিনি বলেন, হরতাল আন্দোলনের শেষ অস্ত্র। সেটির ১২ টা বাজিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এ কারণে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ন্যায্য দাবিতেও হরতাল বা আন্দোলন করতে পারবে না। জনগণ এখন হরতাল-অবরোধের বিপক্ষে। দেশের কোথাও হরতাল-অবরোধ হয় না। জনজীবন স্বাভাবিক আছে।

হরতাল-অবরোধ আর কতদিন চলবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, দেশে কোনো হরতাল-অবরোধ নেই। গাড়ি-ঘোড়া চলছে। দোকান-পাট খোলা আছে। জনজীবন স্বাভাবিক। খালেদা সেচ্ছায় বন্দি হয়ে মানুষ মারার ঘোষণা দিচ্ছে।

নাসিম বলেন, বিএনপি আন্ডার গ্রাউন্ড দলে পরিণত হয়েছে। দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করছে। এর জন্য তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এমআর/কেএইচ