বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের বিরোধিতা করবেনা এমন অঙ্গীকারের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সফরকালে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সচিবালয়ের নিজ দফতরে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কারণে দীর্ঘদিনের অনিষ্পত্তি বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। সবচেয়ে বড় কথা হল খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী ছিলেন, কোনো দিন তিনি ল্যান্ড বাউন্ডারি (স্থল সীমান্ত) চুক্তি নিয়ে কথা বলেছেন?’
‘আজ একটা সাক্ষাৎকারের জন্য ভারতের কাছে নতজানু হয়ে, ভারতের কাছে আত্মসমর্পণ করে, ভারতের বিরোধিতা করব না— এই অঙ্গীকার করে তারপর সাক্ষাৎ (মোদির সঙ্গে) করেছেন। ভারত তার কাছ থেকে এ অঙ্গীকার আদায় করেছে’ মন্তব্য বাণিজ্যমন্ত্রীর।
খালেদা জিয়াকে ‘পরাজিত সৈনিক’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি রাজনীতিতে হেরে গেছেন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ও ভারতবিরোধী কিছু লোক বলে, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে কে লাভবান হয়েছে? আমি দৃঢ়তার সঙ্গে বলি, নরেন্দ্র মোদির এ সফরে বাংলাদেশ লাভবান হয়েছে।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনা এক’ উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য কানেকটিভি অনেক জরুরী, যেটা নিশ্চিত করা হচ্ছে।
আমাদের চট্টগ্রাম ও মংলা পোর্ট যদি ভারত ব্যবহার করতে পারে, আমরা যদি তাদের থেকে মাশুল নেই তবে অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব।’
এসএইচ





