দল যেন সরকারের মধ্যে হারিয়ে না যায় বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর উপর নির্মাণাধীন শেখ লুৎফর রহমান সেতু পরিদর্শনকালে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দল ক্ষমতায় আসলে অনেক আবর্জনা এসে দলকে সমালোচনার মুখে ফেলে। দল থেকে এসব আগাছাকে ঝেড়ে ফেলতে হবে।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের কর্মসূচি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, যে দল ঢাকা শহরে ৫০০ লোক নিয়ে মিছিল করতে পারে না, সেই দলের আন্দোলনের হুমকি আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া আর কিছুই নয়।
যোগাযোগমন্ত্রী বলেন, সৌরভে-গৌরবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে চলেছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
এ ধারাকে অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, যুগ্ম- সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইকবাল, নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়, টুঙ্গিপাড়ার পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদারসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





