নেতাকর্মীদের মসজিদ ও মাদ্রাসায় যাবার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশ ও মানবতার শত্রু জামায়াতকে এসব দখল করতে দেবেন না। সেখানে যাতে তারা মিথ্যা বক্তব্য দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

তিনি আরও বলেন, কোনো মসজিদে জামায়াতের কাউকে ইমাম নিয়োগ করবেন না। কারণ তাদের পিছনে নামাজ আদায় হবে না।

শনিবার বিকালে বগুড়া শহরের শহীদ খোকন শিশু পার্কে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।

ইনু বলেছেন, জঙ্গিবাদ, উন্নয়ন ও বৈষম্য দূরীকরণের পাশাপাশি বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে।

তিনি বলেন, 'যুদ্ধের মাঠ থেকে এসেছি, সম্মেলন শেষে যুদ্ধে ফিরে যাব।'

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে মহাজোট আর সমাজ বদলে জাসদের দরকার।

এ সময় তিনি বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ, বগুড়ায় একটি বিশ্ববিদালয় স্থাপন এবং কাহালুর বেতার রিলে সেন্টারকে পূর্ণাঙ্গ স্টুডিও করার ব্যাপারে তদবির করার আশ্বাস দেন।

বগুড়া জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন এমপির সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববির সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্বে অন্যদের মধ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার প্রমুখ বক্তব্য রাখেন।

এসএইচ