২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার ও শাস্তির দাবিতে এবার গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছেন নৌ মন্ত্রী শাজাহান খান।

শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে আগামী ৫ এপ্রিল এ কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহবায়ক নৌ মন্ত্রী এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ এপ্রিল বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা শিখা চিরনন্তনে পৌঁছালে সেখানে শপথ অনুষ্ঠিত হবে। পরে নতুন কর্মসূচি ঘোষণা করবেন নৌ মন্ত্রী।

শাজাহান খান বলেন, জনসম্পৃক্ততা হারিয়ে খালেদা জিয়া সন্ত্রাসীদের ও বিদেশিদের ওপর নির্ভরশীল হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর মতো তারা শেখ হাসিনাকেও হত্যা করতে চায়। তারা ক্ষমতা দখলের জন্য উম্মাদ হয়ে মানুষ হত্যা ও সম্পদ ধ্বংস করে চলেছে।

সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত, মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উজ্জীবিত ও রাষ্ট্র পরিচালনা সুনিশ্চিত, ধর্মীয় অনুভূতিতে আঘাত না করাসহ ১২ দফা তুলে ধরেন নৌ মন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, সদস্য সচিব নারী নেত্রী শিরিন আকতার, আব্দুল মালেক, আলাউদ্দিন মিয়া, বদরুদ্দোজা মিজান, শাহাবুদ্দিন, কামাল উদ্দিন ও ইমা ফেরদৌস প্রমুখ।

এআর