বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, অতি সম্প্রতি বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়া সাবেক ছিটমহলের নবীন নাগরিকদের কাছে যেয়ে গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এর মাধ্যমে তিনি তাদের কাছে হিংসা-বিদ্বেষের-ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের এসব নবীন নাগরিকগণ হিংসাশ্রয়ী রাজনীতির বাইরে এতদিন থাকলেও-গতকাল আওয়ামী লীগ সেখানেও তা বিস্তুৃত করল।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরেই সরকারের লোকজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বিদেশে বসে ষড়যন্ত্র করার’ আজগুবি ভিত্তিহীন অভিযোগ করে আসছেন-তার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি এবং আবারও তার প্রতিবাদ করছি। সরকার প্রধানের পক্ষ থেকে এধরণের হাস্যকর অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না বলে আমরা মনে করি।
আপনারা সবাই জানেন আমাদের চেয়ারপার্সন চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন। সরকার কতটা অমানবিক হলে-প্রধান বিরোধী দলের চেয়ারপার্সন এর প্রতি এধনের মনগড়া-আজগুবি মন্তব্য করতে পারেন, যা খুবই দুঃখজনক। বাংলাদেশের মানুষ এসব অপরাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
ড. রিপন বলেন, বিএনপি গণতন্ত্র পন্থায় রাজনীতি করে। জ্বালাও পোড়াও রাজনীতির সাথে বিএনপি’র কোন সংশ্লিষ্টতা নেই। সরকারের লোকেরাই বিগত আন্দোলনে নানা জায়গায় পেট্রোল-বোমা-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং নানা স্থান থেকে তারা ধরাও পড়েছে। এমর্মে বিভিন্ন পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়েছে। ‘সেন্টার ফর ন্যাশনাল ষ্টাডিজ’ নামের একটি সংগঠন তাদের প্রকাশনায় এব্যাপারে সরকার দলীয়দের সংশি-ষ্টতায় যে বিগত মাসগুলোতে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে-তা তারা তুলে ধরেছেন। এ ব্যাপারে সরকার নিশ্চুপ রয়েছেন।
কিন্তু সরকার অসৎ উদ্দেশ্যে বিএনপি’র বিরুদ্ধে গোয়েবলসীয় প্রচারণায় মত্ত রয়েছে। তাদের এসব প্রচারণার উদ্দেশ্য কি, তা বাংলাদেশের মানুষ জানেন এবং দেশের বিদেশী বন্ধুরাও বুঝেন বলে আমরা বিশ্বাস করি।
ব্বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি চেয়ারপার্সন ও বিএনপি’র প্রতি এধরণের অসত্য প্রচারণা থেকে বিরত থাকার জন্যও আমরা সরকারের প্রতি আবারও আহবান জানাচ্ছি। আমরা মনে করি তারা এসব অপপ্রচার করে কোন রাজনৈতিক ফায়দা লাভ করতে পারবে না। শুধু রাজনৈতিক পরিবেশটাকেই আরো কলুষিত করতে পারবেন এসবের মধ্য দিয়ে।
এমএইচ





