পুলিশি রিমান্ডে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার মোহাম্মদপুরের একটি বাসা থেকে পুলিশ তাকেসহ ১৯ জন জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে গ্রেফতার করে। পরদিন তাদেরকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে মোহাম্মদপুর থানা ও ডিবি পুলিশের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে।
দলীয় ও গ্রেফতারকৃতদের পারিবারিক সূত্র অভিযোগ করেছে রিমান্ডে গত দু’দিন ধরে জিজ্ঞাসাবাদকালে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বিশেষ করে শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের ওপর চরম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
মঙ্গলবার দুপুরে অত্যন্ত গোপনীয়ভাবে তাকে অচেতন অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান সরকারের পুরো সময়টাতে ডিবি পুলিশে কর্মরত একজন কর্মকর্তার নেতৃত্বে জিজ্ঞাসাবাদকালে এই নির্যাতন চলে। মেধাবী ছাত্র নেতা মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং ছাত্র শিবিরের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
নেতৃত্বের গুনাবলী এবং সাংগঠনিক দক্ষতা থাকায় পুলিশ তাকে খুঁজছিলো। পুলিশের ধারণা জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে ড. মাসুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
এর আগেও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করে এবং তার ওপর অকথ্য নির্যাতন চালায়। ওই সাবেক ছাত্র নেতা এখনো কারাগারে আটক রয়েছেন এবং প্রায় পঙ্গু হয়ে গেছেন।
রাজারবাগ পুলিশ হাসাপতালে যোগাযোগ করা হলে কেউ এনিয়ে মুখ খুলতে চাননি। সূত্র: নয়াদিগন্ত
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





