বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, আন্দোলনের নামে নাশকতা বন্ধ না করলে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।


মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কতৃক আয়োজিত ‘খালেদার রোষানলে পুড়ছে মানুষ-পুড়ছে দেশ রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাহারা খাতুন বলেন, ‘খালেদা জিয়ার মানুষ পুড়িয়ে মারার রাজনীতির মাধ্যমে দেশকে ধ্বংসের পথে ছেড়ে দিতে পারি না। তার এই সহিংসতার বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার হয়েছে। আশা করি জনপ্রতিরোধের মুখে খালেদাকে হরতাল অবরোধের রাস্তা থেকে সঠিক পথে ফিরিয়ে আনব, আর নয়তো তাকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার বব্যবস্থা করা হবে।’

খালেদা জিয়া এক মাসেরও বেশি সময় ধরে সহিসতা করে দেশকে ধ্বংসের চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদার এই কর্মসূচী প্রমান করে বিএনপি-জামায়াত জোট কোনদিনও দেশের স্বার্থরক্ষাকারী হতে পারে না। তারা দেশ ও জনগণের দুষমণ। তাই তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।’

হরতাল-অবরোধের নামে পরীক্ষা বন্ধ, যানবাহনে আগুন, মানুষ পুড়িয়ে মারা আর চলতে দেয়া যায় না মন্তব্য করে খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘সারা দেশে সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে জেগে ওঠেছে এতে আপনার শেষ রক্ষা হবে না। এভাবে চলতে থাকলে আপনাকে টেনে হিঁচড়ে বের করে জনগণই আপনার বিচার করবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবশে আরও উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, হাবীবুর রহমান খান প্রমুখ।
এমআর/এমকে