আগামীকাল সোমাবার থেকে ফের টানা ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে ২০ দলীয় জোট।

রবিবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব  বরকতুল্লাহ বুলু এ হরতালের ঘোষণা দেন।

তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে এই হরতাল কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত নেতা-কর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের আহ্বানে সর্বাত্মক হরতাল পালিত হবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, বর্তমান অবৈধ এবং লুটেরা সন্ত্রাসী সরকার অবৈধ পন্থায় জাতির ঘাড়ে চেপে বসার পর স্বৈরতান্ত্রিক আচরণের মাধ্যমে দুর্নীতিবাজ ও ক্ষমতালোভী মন্ত্রী-এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তিরা প্রতিনিয়ত জনগণের আন্দোলন ও গণদাবী নিয়ে কটুক্তি ও নির্জলা মিথ্যাচারের আশ্রয় নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই-খাঁচায় বন্দী সিংহের গায়ে খোঁচা দেয়া যত সহজ, মুক্ত সিংহের গায়ে খোঁচা দেয়া ততো সহজ নয়। এখনও সময় আছে-আলোচনার মাধ্যমে জাতীয় এই মহাসংকট উত্তরণে উদ্যোগী হোন, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতাসহ সকল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন। অন্যথায় ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে জনগণ তাদের দাবী আদায়ে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

চলমান অবরোধ এবং আগামীকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানানো হয়।

এমএইচ