আওয়ামী লীগ রাষ্ট্রকে বিপন্ন করে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ‘সরকারেই গভীর নীলনকশা’র অংশ।

বিএনপির নেতা বলেন, ‘এটা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। ক্ষমতায় টিকে থাকতে তারা সব অপকর্ম করছে। কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের পর বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। এসব গভীর ষড়যন্ত্রের অংশ।’

আজ রোববার দুপুর পৌনে ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ভাস্কর্য নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ নিয়ে সারা দেশে বিক্ষোভ করছে আওয়ামী লীগ ও সমমনা দলগুলো।

এরই মধ্যে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁরা সবাই স্থানীয় ইবনে মাসউদ মাদ্রাসায় অধ্যয়নরত কিংবা সেখানকার শিক্ষক। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আবু বকর ও নাহিদ।

বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার ও রক্ত দিতে হয়। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়ে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে হত্যা করেছে। এই যে গণতন্ত্রের জন্য লড়াই, এই লড়াই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে।

মহাসচিব বলেন, ‘আজকের গণতন্ত্রের সবচেয়ে বড় আপোসহীন নেতা খালেদা জিয়া। যিনি জীবনভর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন যে ফ্যাসিবাদ হঠানোর আন্দোলন, সবক্ষেত্রেই আপোসহীন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা সাধারণ কথা নয়। খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন।’

তিনি বলেন, ‘যারা জনগণের শাসনে তথা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা আজ সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেসব দেশে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাঁরাই আজ নিপীড়িত। ভারতের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, যেখানে গণতন্ত্রের সূতিকাগার, সেখানেও গণতন্ত্র নিপীড়ত।’

ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এএস