বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, “রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করলে সেটি যে প্রধানমন্ত্রীর নির্দেশেরই প্রতিফলন হবে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই।”

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, “রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করলে সেটি যে প্রধানমন্ত্রীর নির্দেশেরই প্রতিফলন হবে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। এবং সেই নির্বাচনের পরিণতি কী হবে, সেটির দৃষ্টান্ত কাজী রকিবউদ্দীনের নির্বাচন কমিশন দেশবাসীকে দেখিয়ে দিয়েছে।

কাজী রকিব মার্কা নির্বাচন করতেই শাসকদল রাষ্ট্রপতিকে ব্যবহার করে তীব্র আওয়ামী অনুভূতিসম্পন্ন সার্চ কমিটি গঠন করতে চায়।”

রিজভী বলেন, “রাষ্ট্রপতিকে ব্যবহার করে সরকার সার্চ কমিটি গঠন করলে জনগণ তা মেনে নেবে না; বরং দেশ চরম অস্থিতিশীল হয়ে উঠবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।”

তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন চায় বিএনপি।”

এ সময় নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপির দুই নেতার নাম জড়িয়ে পুলিশের দেওয়া প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে রিজভী আহমেদ দাবি করেন, “স্থানীয় সংসদ সদস্য মন্ত্রীকে বাঁচাতেই পুলিশ এ মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে।”

এমবি