চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে ধরা পড়া সবাই এক সময় যুবদল, বিএনপি, জামায়াত অথবা শিবির করত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

আজ রোববার(২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে ধৃতদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেছেন, আমরা তো এ পর্যন্ত যাদের দেখছি এরা সবাই অনুপ্রবেশকারী। আপনারা জানেন আমাদের দলের মধ্যেই দীর্ঘদিন ধরে দাবি উঠছিল, এই অনুপ্রবেশকারীরা আমাদের ভয়ানক ক্ষতি করছে। তাদের এখন আমরা চিহ্নিত করেছি। দেখা যাচ্ছে তাদের সবাই এক সময় হয় যুবদল কিংবা বিএনপি করত, কেউ আবার জামায়াত- শিবিরের সদস্য।

অভিযানে আটককৃতদের মদদদাতাদের গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ইতোমধ্যে যাদের ধরা হয়েছে তারা সবাই অনুপ্রবেশকারী। আপনারা জানেন যে, আমাদের দলে দীর্ঘদিন থেকে একটি দাবি উঠছিল এসব অনুপ্রবেশকারীরা আমাদের ভয়ানক ক্ষতি করছে।

তাদেরকে এখন আমরা চিহ্নিত করেছি। চিহ্নিত করে দেখা যাচ্ছে সবই এক সময় হয় যুবদল করত, না হলে বিএনপি করত, না হলে জামায়াত-শিবিরের সদস্য ছিল।

তিনি বলেন, আমাদের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, কাউকে ছাড় দেয়া হবে না, সে যে পর্যায়েরই হোন না কেনো। এখানে আমাদের নীতি খুব পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। আমরা দলকে পরিচ্ছন্ন করতে চাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন, উপ কমিটির সদস্য ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর সহকারী আশরাফ সিদ্দিকী বিটু, আনিস আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস