পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত ৯টা ৫মিনিটে সৌদি এয়ারলাইন্সের এমিরেটস ফ্লাইট ইকে-৫৮৫-এ রওনা দেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল বলেন, ‘পবিত্র ওমরাহ পালন ও হারাম শরিফে শবে কদরের রজনীতে এবাদত-বন্দেগি করতে রাতে বেগম খালেদা জিয়া সৌদি আরব যাচ্ছেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমানে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম জিয়ার সফরসঙ্গী হবেন।’

২০০৮ সালের পর এটি মা-ছেলের দ্বিতীয় সাক্ষাৎ। এর মধ্যে ২০১১ সালে লন্ডন সফরের সময় ছেলে তারেকের সঙ্গে দেখা হয় খালেদার।

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হওয়ায় রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সফরসঙ্গীরা দেশটিতে অবস্থান করবেন।
খালেদা জিয়া প্রথমে মদিনায় যাবেন। সেখানে দুই দিন অবস্থানকালে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত ও মসজিদে নববিতে এবাদত বন্দেগি করবেন। এরপর তিনি মদিনা থেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করবেন। সেখানে হারাম শরিফে শবে কদরের রজনীতে ইবাদত করবেন।

সফরে খালেদার সঙ্গে যাচ্ছেন প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ নুরু, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়াপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী প্রমুখ।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই