ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

হজ, তাবলিগ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একজন সহকর্মীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে ব্যক্তিগত কোনো মতামত নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র (সৈয়দ আশরাফুল ইসলাম) কথা বলবেন।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তোফায়েল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ সরকার বা দলের কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডোন্ট আস্ক মি, এই প্রসঙ্গে কোন কথা বলব না।’

কেবিনেটের একজন সহকর্মীর বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কী প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কাছে এ প্রশ্নের উত্তর নেই।’

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.), হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়কে নিয়েও তিনি কটূক্তি করেন। এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। দাবি ওঠে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের। পাশাপাশি তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন মহল থেকেও দাবি জানানো হচ্ছে।

জেআই