বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার গুলশান কার্যালয় ঘিরে ৮ প্লাটুন পুলিশ রয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির।
তিনি বলেন, আজ বিকেল ৪টায় খালেদা জিয়ার সংবাদ সম্মেলন রয়েছে। এই সংবাদ সম্মেলন কেন্দ্র করে যাতে কেউ কোনো ধরনের নাশকতা না ঘটাতে পারে তার জন্য পুলিশি এ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে কার্যালয়ে ঢুকতে উত্তর ও দক্ষিণ পাশের রাস্তার মুখে অন্য সময়ের তুলনায় বেশি সংখ্যক পুলিশ দেখা যায়।
এই দুই রাস্তার মুখে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও উল্লেখযোগ্য সংখ্যক।
এদকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে যোগ দিতে আসা সংবাদকর্মীদের কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছে না। কার্যালয়ে প্রবেশের জন্য সাংবাদিকরা লাইন ধরে দাঁড়িয়ে থাকলেও দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন তাদের কাছে এখনো কোনো অনুমতি আসেনি।
পরে বিকাল সাড়ে তিনটার দিকে ফটকে নাম তালিকাভুক্ত করে কার্যালয়ে প্রবেশ দেয়া হয় সাংবাদিকদের।
এতোদিন ওই কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশের ওপর কড়াকড়ি থাকলেও আজ কার্যালয়ের ইতোমধ্যে বেশিরভাগ গণমাধ্যমের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন।
দীর্ঘ ৫২ দিন পর শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে সরাসরি হাজির হচ্ছেন বিএনপি প্রধান। বিকাল ৪টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন শুরু হয়।
এএইচ





