মানুষ পুড়িয়ে হত্যা, ককেটেল নিক্ষেপ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের জন্য খালেদা জিয়াকে গ্রেফতার ও শাস্তি হওয়া উচিত। ঘরে যদি পাপ থাকে তাহলে লক্ষী পালিয়ে যায়। তাই দেশকে পাপ মুক্ত করার জন্য খালেদা জিয়াকে শাস্তি দিতে হবে বলে মন্তব্য করেন, নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত পেট্রল বোমায় ড্রাইভার, হেলপার, শিশু, নারীসহ নিরীহ মানুষ হত্যা, যানবাহন ও বিভিন্ন অফিসে অগ্নিসংযোগ, নাশকতার নির্দেশদানকারী ও জঙ্গী মদদ দাতা খালেদা জিয়া ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি শীর্ষক মানববন্ধনে তিনি এ দাবি জানান্।
খালেদা জিয়ার শাস্তি দাবি করে তিনি বলেন, হরতাল-অবরোধ করে পেট্রল বোমা মেরে আমাদের ভাই-বোনদের যারা হত্যা করেছে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরতে পারি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, খুনি খালেদাসহ যারা চিহিৃত হয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিন। তা না হলে বাংলার মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড, দখল করে চাঁদাবাজি করেছেন। তখন আমরা তাকে চাঁদাবাজের নেত্রী উপাধী দিয়েছিলাম। এখন তিনি ক্ষমতার বাইরে থেকে ২০১১ সাল থেকে নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে হত্যা করেছেন।
গার্মেন্টস শ্রমিকরা যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিল তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।
অবিলম্বে শাস্তির দাবিতে আগামী ৭, ৮ মে সিলেট অভিমুখে জনতার পদযাত্রার কর্মসূচির ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংসদ ও নারী নেত্রী শিরিন আক্তার, শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ইসমত কাদির গামা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
এমএ/কেএইচ





