বাংলাদেশের জনগণ তথা কৃষক, শ্রমিক, মজুরদের পক্ষে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কোনো দলই কথা বলে না। তারা জনগণের সঙ্গে প্রতারণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার বিকালে বাংলাদেশের কমনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কর্তৃক যৌথভাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
জিনিসপত্রের দাম কমানো, ভেজালমুক্ত খাদ্য, যানযটের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি, শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধের দাবিতে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি নেতা আহসান হাবিব লাভলু প্রমুখ।
সৈয়দ আবু জাফর আহম্মেদ বলেন, ‘রমজান মাসের অনেক আগেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বলেছিলেন, রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না। বিচক্ষণ ব্যবসায়ীরা সুযোগ পেয়ে গেলেন। তারা রমজানের আগেই জিনিসপত্রের দাম বাড়াল। খাদ্যে ভেজাল মেশাচ্ছে ব্যবসায়ীরা অধিক লাভের আশায়। সরকার কিছু করতে পারছে না। তার কারণ সরকারের লোকজনই এর সঙ্গে জড়িত।’
তিনি আরও বলেন, ‘বর্ষাকালে ঢাকা শহরের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে যানযট। এ সব আজ আমাদের অতিষ্ঠ করে তুলেছে। সরকার শ্রমিক পক্ষ নয় মালিক পক্ষ নিয়ে কাজ করে। কারণ মালিকরা শ্রমিকের বেতন-বোনাস যাবতীয় বিষয় নিয়ে উদ্বিগ্ন নয়। তারা বরং বলছে এবার ঈদের আগে মালিক ও শ্রমিকদের মধ্যে সংর্ঘ্ষ হতে পারে। তারা শ্রমিকের ন্যায্য দাবির কথা বলে না।’
তিনি বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ‘ইসলামে আছে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও। কিন্তু জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ নিয়ে কোনো কথা বলে না। আবার বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। কিন্তু এ সব নিয়ে ভাববার সময় তাদের হয় না। আমরা বুঝি তাদের মূল লক্ষ্য কি? আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সকলের লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া।’
সভাপতির বক্তব্যে বলেন, ‘সরকার ও মালিকের অবহেলায় হাজার হাজার শ্রমিক মারা যাচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন, কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তবে নেওয়া হচ্ছে না। সরকারের মন্ত্রী, এমপি ও নেতারাই দখলদারিত্ব, খাদ্যে ভেজাল দেওয়া, বাজার মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত। তাই তো কোনো ব্যবস্থা নিতে পারছে না।’
সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে একটি মিছিল বের করে তারা।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





