ছাত্রলীগ নেত্রী হলেই সারাদেশে ট্রেনে চড়তে কোনো ভাড়া লাগবে না বলে ঘোষণা করলেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বুধবার সকালে রাজধানীর বকশীবাজারে বদরুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৩ বছর বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বদরুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগের প্রোগ্রামে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একই সঙ্গে আমি বলছি তোমরা যদি সারাদেশে ট্রেনে ভ্রমণ করতে চাও তবে তোমাদের কোনো ভাড়া লাগবে না। সকল ব্যবস্থা আমি করবো। এটা আমার দায়িত্ব।    
তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমতি পেলেই সারাদেশে ছাত্রলীগ নেত্রীদের সকল প্রোগ্রামে আমি অতিথি হয়ে যেতে চাই। কারন তোমাদের আমার খুব ভালো লাগে ।
রেলমন্ত্রী আরও বলেন, ৭১ সালে পাকিস্তানিরা যেভাবে পরাজিত হয়েছিল, ২০১৪ সালেও স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনার কাছে সেরকমভাবে পরাজিত হবে।
বদরুন্নেছা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিনা আক্তার শিউলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ স্বপ্না রাণী সাহা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]