বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না। এতে বরং সরকারই ক্ষতিগ্রস্ত হবে। বাধা দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে।

আজ শনিবার সকালে কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মোশাররফ এসব কথা বলেন। এর আগে তিনি কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপি শেষ পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে আজ সকালে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং ৫ জানুয়ারিতে জনগণ ভোট দিতে পারেনি, এটি গণতন্ত্রের জন্য কলঙ্কিত দিন। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় তারা এই দিনটি নিয়ে ভীত।

তারা বলেছে, বিএনপিকে রাস্তায় নামতে দেবে না। একটি স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারই এ রকম কথা বলতে পারে। ৫ জানুয়ারি বিএনপিকে কর্মসূচি করতে বাধা দিলে জনগণ সেটি বিচার করবে।

মোশাররফ অভিযোগ করেন, সরকার গুম-খুনসহ নানা ধরনের জনগণের স্বার্থবিরোধী কাজ করছে। সরকারের এই ধরনের কাজকর্মে জনগণ হতাশ। বিএনপি মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দেবে। এ জন্য বিএনপি আন্দোলন করছে।

মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায়, সে পরিবেশ সৃষ্টির জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও তা শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকারের কথাও বলেছে।

এমবি