আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ৫ জানুয়ারি বিএনপি কী করবে এটা নিয়ে আমাদের ভাবনা নেই। এটা নিয়ে সরকার ভাববে, আইনশৃঙ্খলা বাহিনী ভাববে।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হানিফ সাংবাদিকদের বলেন, দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে সাংগঠনিক দুটি বিষয়ের ওপর আলোচনা হয়। এর মধ্যে আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরসহ পার্শ্ববর্তী ৫ জেলায় পর্যায়ক্রমে বিভিন্ন বর্ধিত সভা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ছাত্রলীগকে বিএনপির কর্মীদের উদ্দেশ্যমূলক উসকানির মত ন্যাক্কারজনক ঘটনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, সম্পাদকম-লীর সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস এমপি, আবদুল মতিন খসরু, ড. হাছান মাহমুদ এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার প্রমুখ।

কেএইচ