ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন: নির্বাচন হবে ফ্রি-ফেয়ার, কে হারলো বা জিতলো সেটা বিষয় না। এ নির্বাচনে হারলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে বিষয়টা এমন নয়৷
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন (ডুপডা)’র বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়ায় তাদের স্বাগত জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন দল অংশ নিচ্ছে। আমাদের প্রতিপক্ষ দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। আমি তাদের স্বাগত জানাই। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক আমরা সেটিই চাই।
‘আমরা সুন্দর একটা ইলেকশন দিতে চাই। আমরা ইলেকশন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ভূমিকা পালনে সর্বাত্মক সহযোগিতা করবো।’
এর আগে ওবায়দুল কাদের বিভিন্ন স্মৃতিচারণ করেন। অসুস্থতার পর জীবন পেয়ে তিনি এখন জীবনের দ্বিতীয় ইনিংস খেলছেন বলে মন্তব্য করেন। সুচিকিৎসার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এএস





