বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন সরকারের উদ্দেশ্যে বলেছেন,মনে রাখতে হবে, আপনারা নির্বাচিত সরকার না। আপনাদের সরকার অবৈধ। তাই এই অবৈধ সরকার থেকে কেন আশরাফুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, তা আপনারাই ভলো জানেন।
তিনি বলেন, শুধু আশরাফুল ইসলামকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দিলে হবে না। কারণ বাংলাদেশের মানুষ চায় বর্তমান সরকারের অব্যাহতি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ‘পোকা খাওয়া মন্ত্রী’ আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন,এই সরকারের মন্ত্রিপরিষদ দুর্নীতিগ্রস্ত। কারণ কামরুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সকল মন্ত্রীরা দুর্নীতিবাজ। অথচ এই পোকা খাওয়া মন্ত্রীর মন্ত্রিত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা বাদ দিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বলেন,আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে আসতে পারে। তাই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ এই ট্রাইব্যুনালেই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার কথায় বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে। তিনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য নেতাদের চাপ দিয়েছেন। আর জিয়াউর রহমানের মতই বেগম জিয়া সেদিন কথা বলেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন- যুবদল সভাপতি সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
এআর





