আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, বিএনপি-জামায়াত জোটের নাশকতার মামলাগুলোর তদন্ত শেষ না হওয়ায় বিচার শুরু হয়নি।

দশম সংসদের পঞ্চম অধিবেশনে বৃহস্পতিবার সরকার দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার তথ্য এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মামলাগুলো আদালতে আসলে তখন সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

জাতীয় পার্টির সদস্য খোরশেদ আরা হকের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতাল চলাকালে সহিংসতার ঘটনায় কতগুলো মামলা হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারবে। তবে মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারী দলের সদস্য সামছুল আলম দুদু’র প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হরতাল ও ধর্মঘটের দিনেও আদালতের কার্যক্রম অব্যাহত আছে। তবে কোনো পক্ষ আদালতে উপস্থিত হতে না পারেন তাহলে হরতাল ও ধর্মঘটের কারণে অনুপস্থিতির বিষয় বিবেচনা করে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতসমূহ শুনানির তারিখ এমনভাবে পরিবর্তন করে থাকেন, যাতে মামলার নিষ্পত্তিতে যথাসম্ভব বিলম্ব এড়ানো যায়।

এমকে