বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজামণ্ডপে হামলার বিচার তারা চাননি এমনটিই দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, পূজামণ্ডপে হামলার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি অথচ এখন প্রায় দু’সপ্তাহ পর বিএনপির টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন।
ঘটনার রেশ কেটে যাওয়ার পর এই লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে বলে মনে করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, যেকোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ । অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল।
কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা নাকি সরকারের নীলনকশা, সরকার নাকি হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়।
পূজামণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই।
কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? আর তা করে সরকারের কি লাভ?
এসব প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, এ ধরণের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা।
এইচএন





