আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে চেতনার ওপর আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন তা রক্ষা করতে হবে। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে লড়াই চালিয়ে যাচ্ছি। কারণ এখনো বিপদের মেঘ কেটে যায়নি। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ও এর আশে পাশের জেলা নেতৃবৃন্দদের সঙ্গে ৭ মার্চের জনসভার প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। এই চ্যালেঞ্জ জঙ্গিবাদের চ্যালেঞ্জ, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের চ্যালেঞ্জ। এতে আমাদের বিজয় অর্জন করতেই হবে।
ওবায়দুল কাদের বলেন, গত ১০ জানুয়ারির জনসভায় যেভাবে লোকে-লোকারণ্য হয়েছিল ৭ মার্চের  সমাবেশেও সেরকম লোকের সমাবেশ ঘটাতে হবে।
জেলা নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আন্তরিকভাবে কাজ করেন তাহলে সমাবেশে প্রচুর লোকের সমন্বয় ঘটানো সম্ভব।
তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের সকল রাস্তা এসে মিলিত হয়েছিল রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে। এবারও সেরকম জনসমাবেশ করতে হবে। তাই আমরা এখন থেকেই কাজ শুরু করেছি।
ঢাকা, এমআর, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর