বগুড়া-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদ বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়া এ আসনটিতে আজ সোমবার (২৪ জুন) উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা চলছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিশাল ব্যাবধানে জয়ের পথে রয়েছেন।

উক্ত আসনে নির্বাচনে ধানের শীষের পক্ষ থেকে প্রার্থী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএমটি জামান নিকেতা।

সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ১৩০টি কেন্দ্রের ফলে বিএনপি প্রার্থী পেয়েছেন ৮১ হাজার ৫৪০ ভোট। অন্যদিকে নৌকার প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ২২৮টি ভোট।

রিটার্নিং কর্মকর্তা মাহাবুব আলম শাহ ১৩০ কেন্দ্রের ফল ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে জয়ী হন। পরে মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

এএস