স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে এদেশে কোনো নির্বাচন নয়। বিএনপি যতই তর্জন গর্জন করুক না কেন, রাজপথে আন্দোলনের ক্ষমতা তাদের নেই। ছকে বাঁধানো কর্মসূচি ঘোষণা করে যাদের কেন্দ্রীয় নেতারা ঘরে বসে থাকেন, তাদের ডাকে সাড়া দেবার মত কর্মী বিএনপিতে পাওয়া যাবে না। তাদের গত কয়েকটি কর্মসূচিতে এ সত্য প্রমাণিত হয়েছে।

মোহাম্মদ নাসিম শুক্রবার তার নির্বাচনী এলাকা কাজীপুরের বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির খবর পেয়ে কাজীপুরের দুর্গম চর মাইজবাড়ি, নিশ্চিন্তপুর, খাসরাজবাড়ি এবং চরগিরিশসহ ৯টি পয়েন্টে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এসময় তিনি বন্যা দুর্গত মানুষকে আশ্বস্ত করে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি নিজে এসেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। বন্যায় ক্ষয়ক্ষতি যতই হোক তা পুষিয়ে দেওয়া হবে। কেউ না খেয়ে থাকবে না, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে এবং তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, দলের সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, শওকত হোসেন, খলিলুর রহমান, লুৎফর রহমান, জিয়াউর রহমান স্বাধীন, আলা আমিন, আসলাম আলীসহ দলীয় নেতারা।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই