শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষকদের ওপর ছাত্রদের হামলা কখনও গ্রহণযোগ্য নয়। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরি সিনেট ভবনে শনিবার সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ড. আমিনুল ইসলাম সম্পাদিত ‘Abstracts of Research Publication’ শীর্ষক গবেষণামূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে বাণিজ্যমন্ত্রী গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
সুয়েড-ডিইউ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। গ্রন্থের সম্পাদক অধ্যাপক ড. আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, দেশের খাদ্য চাহিদা মেটাতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক গবেষণা জোরদার করার ওপর আমাদের গুরুত দিতে হবে। প্রকাশিত বইটি গবেষণা কার্যক্রম গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কেএইচ





