আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে সাধারণ জনগণের কাতারে দাঁড়াতে হবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
বৃহস্পতিবার মাতৃভাষা দিবসের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, মন্ত্রীপরিষদ ও কূটনীতিকবৃন্দ। এসব বিশিষ্ট ব্যক্তি ছাড়া এসময়ের মধ্যে বিশেষ নিরাপত্তায় সাধারণ নাগরিক প্রবেশ করতে পারবেন না। তারা শহীদ মিনার ত্যাগ করলে সাধারণের জন্য শহীদ মিনার খুলে দেয়া হবে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা ভিআইপি প্রটোকলে প্রবেশ করতে পারবেন কিনা জানতে চাইলে কমিশনার বলেন, আমি যাদের পরিচয় উল্লেখ করেছি তারা ছাড়া ওই প্রটোকলে কেউ প্রবেশ করতে পারবেন না। সবাইকে সাধারণের কাতারে দাঁড়াতে হবে। তবে কোনো বিশিষ্ট ব্যক্তি যদি প্রটোকলের জন্য পুলিশের কাছে আবেদন করেন। তবে তা বিবেচনা করা হবে। তবে এ জন্য শর্ত থাকবে।
এমএইচ





