খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘খালেদা জিয়া সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করছেন, তার সঙ্গে কেউ থাকবেন না। কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কিংবা বিএনপি নেতা খালেদা জিয়ার সঙ্গে নেই। বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই।’

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মহিলা লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার সুস্থ রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। জঙ্গিদের সঙ্গে উনি সম্পর্ক গড়ে তুলেছেন। তাই জঙ্গিদের ছাড়লে সেই তারাই তাকে হত্যা করবে। আইনের হাত অনেক প্রসারিত। খালেদাকে গ্রেফতার করা সময়ের ব্যাপার মাত্র। আইন আমলে আসলেই উনি গ্রেফতার হবেন। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না।’

তিনি আরো বলেন, ‘উনি (খালেদা) হরতাল-অবরোধের তামাশা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একদিকে উনি মানুষ পুড়িয়ে হত্যা করেননি বলে দাবি করছেন। অন্যদিকে বলেছেন, উনার দাবি মেনে নিলে সন্ত্রাস বন্ধ হবে। এতে বোঝা যায় কারা মানুষ পুড়িয়ে হত্যা করছে।’

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এমকে