বুদ্ধিজীবী, সাংবাদিকসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে সন্ত্রাসের বিরুদ্ধে গনতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত 'চলমান রাজনীতি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

সুরঞ্জিত বলেন, গণতন্ত্র সহিংসতা ও নাশকতা কাছে জিম্মি হবে কি হবে না? এ নিয়ে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্বিগ্ন। আজ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্র ও সংবিধানের সঙ্গে আপোষ করার কোন সুযোগ নেই। গণতন্ত্র রক্ষায় আমরা সম্পূর্ণভাবে মাঠে নেমেছি। এ যুদ্ধে আমাদের বিজয় অবিসম্ভাব্য।

সুরঞ্জিত আরও বলেন, বিএনপির দলীয় বৈশিষ্ট পাল্টে গেছে। খালেদা জিয়া এখন আর বিএনপির নেত্রী নেই। তিনি এখন মোল্লা ওমরের ভুমিকায়। তিনি এখন সন্ত্রাসের নেত্রী। বর্তমান সন্ত্রাসের হুকুমদাতা খালেদা। শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর সবাই আছে। খালেদার সঙ্গে কেউ নেই। আগামী সপ্তাহের মাধ্যমে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

এ সময় আরও কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য সরকারের প্রতি আহবান জানান সুরঞ্জিত।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া,

যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এমআর/ এআর