বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়েও প্রতিক্রিয়াহীন বিএনপি।
এমনকি দলের নেতারাও বিষয়টি নিয়ে খুবই সতর্ক। ব্যক্তিগত প্রতিক্রিয়াও জানাতে চাচ্ছেন না তারা। রায় ঘোষণার পর থেকে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যেতে অনেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
দু-একজন নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও তারা বলেছেন, ব্যক্তিগত কোনো মন্তব্য করা সমীচীন হবে না। এ সম্পর্কে কোনো কিছু বলার থাকলে দলের পক্ষ থেকে বলবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, রায় নিয়ে দলীয়ভাবে মন্তব্য করার কিছুই নেই। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি যে অভিযুক্তের পক্ষের আইনজীবীরা এর মধ্যেই আপিলের কথা বলেছেন তাই আপিলের রায়ের পরেই এ বিষয়ে বলা যাবে।
এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হলেও বিএনপির পক্ষ থেকে এ নিয়েও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। এছাড়া এর আগেও মানবতাবিরোধী অপরাধের মামলায় দেয়া একাধিক রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।
এমনকি তৎকালীন ৪ দলীয় জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মৃত্যুতে শোক প্রকাশেও বিরত থাকে বিএনপি।
প্রসঙ্গত, বুধবার মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর প্রতিবাদে জামায়াত ৩ দিনের হরতালও দিয়েছে। বৃহস্পতিবার, রোববার ও সোমবার সারাদেশে এ হরতাল পালন করবে দলটি।
এমএইচ/এসএইচ





