বিএনপি আমাদের কাছে সব কিছুতে হেরে এখন তিস্তার পানি নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনাতয়নে ‘বাংলাদেশ নাগরিক সেবা’ আয়োজিত “শান্তি প্রতিষ্ঠায় হরতাল ও অস্ত্রের মহড়া নয়-আলোকিত বাংলাদেশ গড়তে সকলের ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাহারা খাতুন বলেন, বিএনপির লংমার্চও ব্যর্থ হয়েছে। ২০০টি গাড়ি নিয়ে লংমার্চ শুরু করেছে। পথে পথে তাদের অনেক নেতাকর্মীরা পালিয়ে গেছে। শেষ পর্যন্ত মাত্র ১৬টি গাড়ি লংমার্চে ছিল এবং কয়েক’শ লোক শেষ পর্যন্ত তাদের লংমার্চে ছিল।
বিএনপি উদ্দেশ্য করে বলেন, লংমার্চ করে তিস্তার পানি আদায় করা যাবে না। এটা কুটনৈতিকভাবে তিস্তার পানি আদায় করা হবে। বর্তমান সরকার ভারতের নির্বাচনের পর তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করবে।
তিনি আরও বলেন, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে চিকিৎসক-সাংবাদিকদের মাঝে অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। যা কাম্য নয়। আপনারা উভয়ই সমাজের শিক্ষিত শ্রেনী। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।
সাবেক এ মন্ত্রী বলেন, বাংলার মাটিতে ১ জন যুদ্ধাপরাধী বেঁচে থাকা পর্যন্ত বিচার অব্যাহত থাকবে। কোন অপশক্তি এ বিচার বন্ধ করতে পারবে না।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কুয়েত শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ নাগরিক সেবার সাংগঠনিক সম্পাদক শাহ আলম সম্রাট প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
রাজনীতি
বিএনপি নতুন খেলা শুরু করেছে: সাহারা খাতুন
বিএনপি আমাদের কাছে সব কিছুতে হেরে এখন তিস্তার পানি নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।





