মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে খালেদা জিয়ার না আসা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, খালেদা জিয়া তার কার্যালয়ে বসে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। মানুষ পুড়িয়ে মারছেন। শিশু হত্যা করছেন। কিন্তু স্মৃতিসৌধে আসলেন না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিনি (খালেদা) বিশ্ব ইজতেমা চলাকালে হরতাল অবরোধ দেন, ভাষা দিবসে হরতাল অবরোধ চলে, স্বাধীনতা দিবসেও হরতাল অবরোধ অব্যাহত রাখলেন। সুতরাং তার বিচার জনগণ করবে।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, একদিকে সিটি নির্বাচনে অংশগ্রহণ অন্যদিকে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো যাবে না। বর্তমানে বিএনপি জঙ্গি-নাশকতা থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে, সিটি করপোরেশন নির্বাচন তাদের সেই পথ দেখাবে। আমরা আশা করছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি সিটি নির্বাচনে অংশ নিবে। বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে ৫ জানুয়ারির মত খেসারত দিতে হবে। তবে একটি জিনিস তাদের মনে রাখতে হবে, তা হল একদিকে নির্বাচন অন্যদিকে নাশকতামূলক কর্মকাণ্ড-এক সঙ্গে দুটি চালানো যাবে না। তাহলে তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে।
তিনি আরো বলেন, দুটি কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছেন। একটি হচ্ছে রাজনৈতিক মুক্তি, অপরটি অর্থনৈতিক মুক্তি। বর্তমানে বঙ্গবন্ধু নেই। তার যোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি এনে দেয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
এমআর/ এআর





