বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান অবৈধ সরকার দেশ পরিচালনায় জনস্বার্থের প্রতি তাচ্ছিল্য প্রদর্শণ করে গুম, খুন ও অপহরণের উপর নির্ভর করায় সমাজে ভয়ংকর নৈরাজ্য সৃষ্টি হয়েছে। রোববার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত  গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বেগম জিয়া আরো বলেন, অবৈধ সরকার বিরোধী দলকে ধ্বংসের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে চক্রান্তের জাল বিস্তার করে যাচ্ছে। বিএনপি’র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ সেই চক্রান্তেরই অংশ। আমানের জামিন নাকচ করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন  বেগম জিয়া।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা আরো বলেন, আওয়ামী দূঃশাসনের ফলে মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকীর মুখে পড়েছে। জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হেনস্তা করা হচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র সন্ত্রাসনির্ভর রাজনীতি চর্চার কারণেই শাসকদল অবৈধভাবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে গোটা দেশকে এক ভয়াল নরকে পরিণত করেছে।
বেগম জিয়া বলেন, ঐতিহ্যগত কারণেই গণতান্ত্রিক চেতনাবোধহীন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পথ ধরে এগুচ্ছে, তারা স্বপ্ন দেখছে বিরোধীদলবিহীন কেবলমাত্র নিজেদের কর্তৃত্বাধীন একটি রাষ্ট্র কায়েম করার। তাই নিজেদের অপকর্ম আড়াল করতে নতুন নতুন কৌশলের অংশ হিসেবে বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ ক্ষমতার জোরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে অন্তরীণ রাখছে।
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন অবিলম্বে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এর মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
[b]ঢাকা, এমএইচ, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কে বি [/b]