বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অবিলম্বে মুক্তি দাবি করেছে যুক্তরাজ্য বিএনপি।

বুধবার রাতে ইস্ট লন্ডনে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় যুক্তরাজ্য বিএনপির নেতারা বলেন, চলমান গণআন্দোলনে ২০ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্বপালনকারী সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার রাতে উত্তরার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে।

প্রায় ২০-৩০ জনের একটি দল তাকে উঠিয়ে নিয়ে যায়। একইসাথে বাসায় কর্মরত একজন পুরুষ এবং একজন নারীকর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফ্যাসিস্ট হাসিনার খুনি বাহিনী এখনো তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করছে না।

এ পরিস্থিতিতে আমরা তার সন্ধান দাবি করছি। একইসাথে তার মুক্তি দাবি করি। এ দাবি নিয়ে বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্বের প্রভাবশালী মানবাধিকার সংগঠনের কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন যুক্তরাজ্য বিএনপির নেতারা।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন সেলিম, মেসবাঊজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন, যুবদলের আব্দুল বাছিত বাদশা, আফজল হোসেন, সোলেহিন করিম চৌধুরী, মেসবাহ আহমেদ চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা রাজিব আহমেদ খান, আবু নাসের শেখ, মীর মাসুদ সেজান প্রমুখ।

কেএইচ