আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন। শেখ হাসিনা যা বলেন, তা করেন। ক্ষমতা থাকুক না থাকুক শেখ হাসিনা বলেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার করবেন, করেছেন। আগামীতে রায়ও বাস্তবায়ন করা হবে।’
রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে রবিবার বিকেলে শহীদ এম. মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালেই নির্বাচন হবে। এই খুনীদের আর কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘বার বার শেখ হাসিনার কৌশলের কাছে খালেদা জিয়া পরাজিত হয়েছে। আগামীতে আরও হবে। শেখ হাসিনার নেতৃত্বেই আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন,‘ খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে। তিনি রাজনৈতিক উন্মাদ। কারণ তিনি সব হারিয়েছেন। নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী) জয়ের পর খালেদা জিয়া মোনালিসার হাসি হেসেছিলেন। কিন্তু এখন হাসি গেল কই।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও জীবনের ঝুঁকির মধ্যে আছেন। ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা। ভবিষ্যতেও তারা এ ধরনের কাজ করতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, মোজাম্মেল বাবু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
জেএ





