খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। আন্দোলনের নতুন মডেল হিসেবে তারা গুম-খুন শুরু করছে। তাদের এ ষড়যন্ত্রও ব্যর্থ হবে।
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’ আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের ঘটনার আসল হোতাদের চিহ্নিত করতে সর্বশক্তি নিয়োগ করছে। এদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।
কামরুল বলেন, বিএনপি আমাদেরকে বন্ধুহীন করতে চেয়েছিল কিন্তু পারেনি। বিদেশীদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি।
সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]