বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতিকে হতাশ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘প্রেক্ষাপট চলমান রাজনীতি: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ও জাতির উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা এ আলোচনা সভার আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রতি বিশ্বব্যাংকের সূচকে বাংলাদেশ একধাপ এগিয়েছে। এতে বিশ্ব সম্প্রদায়সহ অনেকেই বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছেও এ ধরনের কিছু আশা করেছিল জাতি। কিন্তু তিনি জাতিকে হতাশ করেছেন। তিনি হীনমন্যতা থেকে এখনও বের হতে পারেননি।

'বরং তিনি (খালেদা) সুন্দর ও পরিপাটি সাজগোজ করে ইফতারের আগে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সরকারের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করে বেরাচ্ছেন,’ যোগ করেন সাবেক এই বনমন্ত্রী।

খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ ধরনের মিথ্যচার করে কোন লাভ নেই। দল গুছিয়ে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

আয়োজক সংগঠনের সভাপতি করিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এমএ করিম, স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহ এবং সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এআর