রমজানের শুরুতে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল বিকালে নিজের টুইটার একাউন্টে এক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, রহমতের সওগাত নিয়ে সমাগত পবিত্র রমজানের প্রারম্ভে আসুন আমরা মুনাজাত করি, অশুভের উপর হক, ইনসাফ, সুবিচার ও ন্যায়পরায়নতা বিজয়ী হোক।
এদিকে প্রতিবছরের মতো এবার রমজানে এতিম, ওলামা-মাশায়েখ, রাজনীতিক, কূটনীতিক, পেশাজীবীদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতিমধ্যে একটি ইফতার সূচিও তৈরি করেছে চেয়ারপারসন কার্যালয়ে।
অন্যান্য বছরের মতো প্রথম রমজানে তিনি এতিম-উলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করবেন ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে। দ্বিতীয় দিন গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকায় অবস্থানরত মুসলিম দেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করবেন তিনি।
এছাড়া ৩রা জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে, ৪ঠা জুন একই হলে পেশাজীবীদের সঙ্গে, ৫জুন রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করবেন। এই তিনটি আয়োজনই করবে বিএনপি।
৬ই জুন লেডিস ক্লাবে জোটের শরিক দল এলডিপির আয়োজনে, ১০ জুন হোটেল পূর্বানীতে এনপিপির আয়োজনে, ১২ই জুন রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে, ১৩ই জুন গুলশান-ইমান্যুয়েলস ব্যাঙ্কুয়েট হলে লেবার পার্টির আয়োজনে এবং ১৪ই জুন বসুন্ধরা কনভেশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
এমবি





