একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে দেয়া রায় নিয়ে এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ফাঁসির রায় নিয়েও কোনো প্রতিক্রিয়া জানাবে না বিএনপি।
বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলের যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া আর্ন্তজাতিক ট্রাইব্যুন্যাল কর্তৃক রায়ের বিষয়ে বিএনপি অতীতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখনও বিএনপির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই। কেউ জানালে সেটা তার ব্যক্তিগত বিষয়।’
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীকে রোববার মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর উত্তেজিত মীর কাসেম আলী আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘এটি মিথ্যা ঘটনা, মিথ্যা স্বাক্ষী, কালো আইন, ফরামায়েশি রায়। সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা পরাজিত হবে। শিগরই শিগরই…।’
রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
জেএ





