বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে সরকার কোনো চাপে নেই এবং কোনো হুমকিতেও ভয় পায়না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করার লক্ষ্যে, পেশাজীবীদের সাথে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ আইনের এখতিয়ার। এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই প্রয়োজন মনে করবে তখনই তাকে (খলেদা জিয়া) গ্রেফতার করতে পারবে। আমাদের এই বিষয়ে কোনো ভূমিকা নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। ভয়কে জয় করেই জয়ী হয়েছে আওয়ামী লীগ।

খালেদা জিয়াকে গ্রেফতার করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপির পক্ষ থেকে এমন এক বিবৃতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আন্ডার গ্রাউন্ড দল। তারা আগে হাওয়া ভবন থেকে ষড়যন্ত্র করেছে এখন হাওয়াই বিবৃতি দিচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এমআর/কেএইচ/জেআই