শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তুহীন (১৯), রিমন (১৮) এবং শফিকুল ইসলাম রনি (২৭) নামে তিন ছাত্রলীগ কর্মী।
রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারের ওই অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা যোগ দেন। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।
তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
ঢামেক জরুরি বিভাগ সূত্র জানায়, বিকেল তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠান থেকে আহত হয়ে তুহীন ও রিমন চিকিৎসা নিতে যার।
আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখান থেকে আহত হয়ে হাসপাতালে যান রনি। রনিকে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে বেশ কয়েকজন তরুণ লাঠি-সোঠা নিয়ে হাসপাতালে হামলা চালায়।
ঢামেক হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য কিসমত জানান, এসময় তারা তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা রুম্মনকে খোঁজ করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, পরিস্থিতি বেগতিক দেখে শাহবাগ থানায় খবর দেওয়া হয়।
পরে পুলিশ আসার আগেই হামলাকারীরা চলে গেছে বলে জানান তিনি।
এসএইচ





