রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ এবং ঢাকা মহানগরীতে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
গত ২০ মে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বেআইনিভাবে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানী ঢাকার সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করে দলটি। তবে ডিএমপি তার অনুমতি দেয়নি।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হামলা সরকার প্রধানের নির্দেশেই হয়েছে। আর তার নির্দেশেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মেলেনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
এমএনজে





