সহিংসতার পথ পরিহার করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তার মঙ্গল কামনা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিগত দিনে বিরোধীদলের সহিংসতা,সন্ত্রাস,ভাঙচুর ও জ্বালাওপোড়াওয়ে দেশের অনেক ক্ষতি হয়েছে। বিরোধী দলীয় নেত্রী এখন এই পথ পরিহার করেছেন এজন্য তাকে ধন্যবাদ এবং তার মঙ্গল কামনা করছি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি দ্বিতীয় মেয়াদে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার বেলা ২টায় প্রথমবারের মতো সিলেটে এলে তাকে বিপুল সংবর্ধনা দেয়া হয়।
বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন,নির্বাচন কখন হবে তা নির্ভর করছে বিরোধী দলের ওপর। তারা যদি সহিংসতার পথ পরিহার করে আলোচনায় আসে তবে যে কোনো সময় নির্বাচন করা সম্ভব হবে।
এর আগে বেলা ২টায় নভোএয়ারের একটি বিমানে করে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণে করেন অর্থমন্ত্রী। এসময় আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, শ্রমিক লীগ,মহিলা লীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী,পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা এবং সর্বস্তরের জনগণ তাকে বিপুলভাবে সংবর্ধনা জানায়।
পরে মোটর শোভাযাত্রা সহকারে মন্ত্রী হযরত শাহজালালের (রহ.) মাজারে যান। মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে মন্ত্রী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল (অব.) মরহুম এমএজি ওসমানী,সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী,সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, দেওয়ান ফরিদ গাজীর কবর জিয়ারত করেন।
এসময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করেন। পরে মন্ত্রী নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পস্তপক অর্পণ করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ,মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান,জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আশফাক আহমদ,যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন,মহানগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক বিজিত চৌধুরী,অধ্যক্ষ সুজাত আলী রফিক,অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// কেএইচ